আজ ১৩ জুলাই ২০২৬, সোমবারে RHSTEP অপরাজেয় তারুণ্য চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে “Empower Young Women and Engage Youth with Disabilities in Health Reform Efforts” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয় । অপরাজেয় তারুণ্য চট্টগ্রাম কেন্দ্রের প্রজেক্ট অফিসার অপু দাশগুপ্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পারভীন আক্তার রিতু, চিফ কো-অডিনেটর যুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা ও প্রতিবন্ধী সংগঠন AIDUC প্রতিনিধি সালেহা বেগম। সভার শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইয়ুথ অফিসার অফিসার এ্যানি চৌধুরী। সেশনের শুরুতে তরুণ প্রতিনিধিদের নিয়ে একটি প্রাণবন্ত পরিচিতি পর্ব এবং আইস-ব্রেকিং কার্যক্রম পরিচালনা করা হয়।
সেশনে বক্তারা বলেন,”Empower Young Women and Engage Youth with Disabilities in Health Reform Efforts” – অর্থাৎ স্বাস্থ্য সংস্কার কার্যক্রমে তরুণীদের ক্ষমতায়ন এবং প্রতিবন্ধী তরুণ-তরুণীদের সম্পৃক্ততা – শুধু একটি আলোচনার বিষয় নয়, এটি একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার।
একটি দেশের উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন নারী, পুরুষ, প্রতিবন্ধী ব্যক্তি এবং সমাজের সকল জনগোষ্ঠী সমানভাবে উন্নয়নের সুযোগ ও অধিকার ভোগ করতে পারে। তরুণীরা আজ শুধু পরিবারের সদস্য নন; তারা ভবিষ্যতের নেতা, নীতিনির্ধারক, উদ্যোক্তা এবং পরিবর্তনের অগ্রদূত। তাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, নেতৃত্বের বিকাশ এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনের পূর্বশর্ত। একইভাবে, প্রতিবন্ধী তরুণ-তরুণীরা সমাজের বোঝা নন; তারা দক্ষতা, মেধা ও সম্ভাবনায় সমৃদ্ধ নাগরিক। তাদের জন্য স্বাস্থ্যসেবা, তথ্য এবং অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করা আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।







