“Disability – Inclusive Health : A Right for All” শীর্ষক একটি সচেতনতা মূলক ইভেন্ট ২৩ মে ‘২০২৬, শনিবার অপরাজেয় তারুণ্য, চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

“Disability – Inclusive Health : A Right for All” শীর্ষক একটি সচেতনতা মূলক ইভেন্ট ২৩ মে ‘২০২৬, শনিবার অপরাজেয় তারুণ্য, চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সেন্টারের প্রজেক্ট অফিসার অপু দাশগুপ্তের সভাপতিত্বে আলোচনা করেন মো: জসীম উদ্দীন, পরিচালক-সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম, দিলশাদ আক্তার-প্রোগ্রাম অফিসার, কৃষ্টি এনজিও। সভা পরিচালনা করেন ইয়ুথ অফিসার এ্যানি চৌধুরী। বক্তারা উল্লেখ করেন,” এই ইভেন্টের মূল লক্ষ্য প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্বাস্থ্যসেবায় সমান অধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা।
স্বাস্থ্যসেবা প্রত্যেক মানুষের জন্মগত অধিকার এবং এখানে কোনো ধরনের বৈষম্য গ্রহণযোগ্য নয়। বাস্তবতায় দেখা যায় যে অনেক প্রতিবন্ধী ব্যক্তি আজও নানা কারণে স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকারে বাধার মুখে পড়েন – কখনও অবকাঠামোর অপ্রতুলতা, কখনও তথ্যপ্রাপ্যতার অভাব, আবার কখনও সামাজিক কুসংস্কার ও অজ্ঞতার কারণে তারা প্রয়োজনীয় সেবা থেকে দূরে সরে যান। একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হলে স্বাস্থ্যকর্মীদের প্রতিবন্ধিতা বিষয়ে যথাযথ জ্ঞান ও সংবেদনশীলতা থাকা জরুরি। স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে র্যাম্প, হুইলচেয়ার অ্যাক্সেস উপযোগী টয়লেট, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সাইনেজ বা অডিও নির্দেশনা—এসব সুবিধা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সহজ ভাষায় তথ্য, ব্রেইল বা অডিও ফরম্যাটে সেবা-সংক্রান্ত নির্দেশনা নিশ্চিতকরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইভেন্টে অংশগ্রহণকারীরা অভিন্নভাবে মত দেন যে পরিবার, কমিউনিটি এবং প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্বাস্থ্যসেবা আরও কার্যকর করা সম্ভব। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়, সচেতনতা বৃদ্ধি, নীতি বাস্তবায়ন এবং প্রযুক্তির সহায়তায় একটি শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা তৈরি করা যায় – যা সমাজের সকল সদস্যকে সমান মর্যাদা ও অধিকার দেবে। আলোচনা সভা শেষে প্রতিনিধিদের নিয়ে গ্রুপ এ্যাকটিভিটি সেশন পরিচালনা করা হয়।

SHARE THIS POST: