সর্বক্ষেত্রে লিঙ্গবৈষম্য দূরীকরণে তারুণ্যের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে RHSTEP-অপরাজেয় তারুণ্য প্রকল্পের উদ্যোগে আজ ২৫ জুলাই ২০২৬ শনিবারে মেহেরুন্নেসা গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে “ব্রেকিং জেন্ডার ব্যারিয়ার্সঃ আমার স্বপ্ন, আমার অধিকার, ছেলে মেয়ে সবার জন্য সমান সু্যোগ” শীর্ষক স্কুল সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রাণবন্ত সূচনা বক্তব্য ও আইস ব্রেকিং সেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন RHSTEP-অপরাজেয় তারুণ্য প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার আকতানিন খায়ের তানিন। এরপর প্রজেক্ট অফিসার তানজিনা সুলতানা শিশু অধিকার সনদের অনুচ্ছেদগুলো সম্পর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আলোকপাত করেন এবং সেশনের শেষে শিক্ষার্থীরা একটি কুইজে অংশ নেয়। কুইজে শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন পরস্থিতি উল্লেখিত দশটি কেইস স্টোরি পড়তে দেয়া হয়, এবং প্রতিটি কেইস স্টোরি শিশু অধিকার সনদের কোন অনুচ্ছেদের সাথে সম্পর্কিত সেগুলো শিক্ষার্থীরা তাদের নিজেদের জ্ঞান ও বোঝাপড়া থেকে উত্তর দেয়।
সর্বশেষ সেশনে গ্রাফিক্স ডিজাইনার সায়মা আক্তার এর তত্ত্বাবধায়নে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে কলমে AI-এর সাহায্যে কার্যকরী প্রম্পট লেখার মধ্য দিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সচেতনতামূলক পোস্টারের নকশা তৈরির হাতেখড়ি হয়। শিক্ষা প্রতিষ্ঠানে পুর্নাঙ্গ যৌন শিক্ষার গুরুত্বের কথা বিবেচনা করে শিক্ষার্থীদের একই থিমে পোস্টার ডিজাইনের জন্য উদ্বুদ্ধ করা হয়। বয়সভেদে ভিন্ন ভিন্ন যৌন শিক্ষা, যেমনঃ ৫-৮ বছরের শিশুদের জন্য ভালো স্পর্শ, খারাপ স্পর্শ বুঝতে পারা; ৯-১৬ বছর বয়সী কিশোর কিশোরীদের কৈশোরকালীন মনোদৈহিক পরিবর্তন নিয়ে নিজ উদ্যোগী হয়ে জানার চেষ্টা করার বিষয়গুলি আলাপচারিতায় উঠে আসে । এছাড়াও এ আই এর মাধ্যমে পোস্টার ডিজাইনিং এর ক্ষেত্রে রোল, কনটেক্সট, স্টাইলের মতো গুরুত্বপূর্ণ ধাপ ও তাদের প্রক্রিয়া সম্পর্কে আলোকপাত করা হয়।







