“কৈশোরে পরিবর্তন স্বাভাবিক – জেনে নাও, বুঝে নাও” এই স্লোগানকে সামনে রেখে ১১ মে, ২০২৬, রোজ সোমবার হাজী আব্দুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ” স্কুলে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি – ২”।

“কৈশোরে পরিবর্তন স্বাভাবিক – জেনে নাও, বুঝে নাও” এই স্লোগানকে সামনে রেখে ১১ মে, ২০২৬, রোজ সোমবার হাজী আব্দুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ” স্কুলে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি – ২”। অপরাজেয় তারুণ্য চট্টগ্রাম কেন্দ্রের প্রজেক্ট অফিসার অপু দাশগুপ্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো: জসীম উদ্দীন ও ইয়ুথ অফিসার এ্যানি চৌধুরী। সভা সঞ্চালনা করেন এডভোকেট শামীমা আক্তার ঝুমা। সভার শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেন্টর সাইদুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, “আজকের এই সচেতনতামূলক অনুষ্ঠানের বিষয় ‘কৈশোরে পরিবর্তন স্বাভাবিক -জেনে নাও বুঝে নাও।’ বয়োঃসন্ধিকাল এমন একটি সময়, যা একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। পৃথিবীর প্রতিটি ছেলে-মেয়ে এই সময়টিতে নানা ধরনের শারীরিক, মানসিক ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আর এই পরিবর্তনগুলোকে বুঝে ওঠা, গ্রহণ করা এবং স্বাস্থ্যকরভাবে সামাল দেওয়া অত্যন্ত প্রয়োজন। প্রথমেই আমরা মনে রাখতে চাই –
বয়ঃসন্ধিকাল কোনো সমস্যা নয়; এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি বৃদ্ধি প্রক্রিয়া।
এই সময় শরীর লম্বা হতে শুরু করে, কণ্ঠস্বর বদলায়, হরমোন পরিবর্তন হয়, এবং আবেগ-অনুভূতিতেও দ্রুত পরিবর্তন আসে। অনেক কিশোর-কিশোরী এই সময় বিভ্রান্ত, লজ্জিত বা উদ্বিগ্ন অনুভব করতে পারে – এটিও খুব স্বাভাবিক। কিন্তু যেটি জরুরি, তা হলো সঠিক জ্ঞান, নিরাপদ তথ্য এবং দায়িত্বশীল সহায়তা পাওয়া। অনেক সময় কিশোর-কিশোরীরা স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন করতে ভয় পায়, কারণ তারা ভাবে – “লজ্জার”, “বকা খাব”, বা “আমাকে ভুল বুঝবে”। এমন পরিস্থিতিতে তারা ভুল তথ্য বা সামাজিক ভুল ধারণার ওপর নির্ভর করে, যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
আমরা চাই, আমাদের সন্তানরা – নিজের শরীর সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করবে, প্রয়োজনের সময় স্বাস্থ্যসেবা নিতে পারবে, মানসিক চাপ বা বিভ্রান্তি নিয়ে একা থাকবে না, এবং নিরাপদ সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি করবে। আজকের এই সেশন তাদের সেই পথ সহজ করে দেবে।”
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে গ্রুপ এ্যাকটিভিটি সেশন পরিচালনা করা হয়।

SHARE THIS POST: