বাংলাদেশে স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে অপরাজেয় তারুণ্য (UYP) – এর উদ্যোগে ২৩শে জুন ২০২৬, মঙ্গলবারে ‘Innovating Advocay: AI in SRHR Content Creation and Dissemination through Digital Marketing’ – শিরোনামে অন্তর্ভুক্তিমূলক ও লিঙ্গ সমতার ভিত্তিতে ঢাকা শহরের বস্তিবাসী, দলিত (হরিজন) সম্প্রদায় এবং প্রতিবন্ধী তরুণ-তরুণীদের জন্য একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ‘অপরাজেয় তারুণ্য’ এর প্রজেক্ট ম্যানেজার আবু রায়হান অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করে কর্মশালার সূচনা করেন। দুইটি সেশনে বিভক্ত দিনব্যাপী এই কর্মশালার ফ্যাসিলিটেটর হিসেবে সেশন পরিচালনা করেন যথাক্রমে হাসিব হাসান চৌধুরী, প্রতিষ্ঠাতা, সিব’স স্যলুশনস এবং জি এম মুশফিকুর রহমান, ডিজিটাল মার্কেটিং লীড, বিজ ম্যাপার্স।
কর্মশালার মূল উদ্দেশ্য কড়াইল বস্তি, মিরনজিল্লা হরিজন সম্প্রদায়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রতিবন্ধী তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সম্ভাবনার সাথে পরিচয় করিয়ে দেয়া। একইসাথে ডিজিটাল মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সচেতনতা তৈরিতে এ আই (AI) কনটেন্ট ও ডিজিটাল মার্কেটিং এর সম্ভাবনার বিভিন্ন দিকগুলো তরুণদের সামনে উপস্থাপন করা হয়।
কড়াইল বস্তি, মিরনজিল্লা হরিজন সম্প্রদায়, প্রতিবন্ধী প্রতিনিধিসহ প্রায় ২৫ জন তরুণ তরুণী স্বতঃস্ফূর্তভাবে এই কর্মশালায় অংশগ্রহণ করেন। সেশনে অংশগ্রহণকারী সকলে হাতে কলেমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক বিভিন্ন কনটেন্ট প্রস্তুত ও উপস্থাপন করে।
কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন প্রোগ্রাম অফিসারদ্বয় যুবায়দা আঞ্জম সাবা ও তানজিনা সুলতানা এবং গ্রাফিক্স ডিজাইনার সায়মা আক্তার। প্রোজেক্ট ম্যানেজার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সমাজে বৈষম্য কমিয়ে সমতা ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।







