নীলক্ষেত হাই স্কুলে আজ কিশোর-কিশোরীদের সামগ্রিক সুস্থতা নিশ্চিতকরণে একটি বিশেষ সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল – ‘কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং ডিজিটাল আসক্তি সচেতনতা’। আজকের কর্মসূচিতে বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। তন্মধ্যে ডিজিটাল আসক্তির ঝুঁকি সম্পর্কে সচেতনতা, স্ক্রীন টাইম নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর জীবনধারা যেমন সুষম খাদ্য, ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ইত্যাদির উপর ডিজিটাল আসক্তির প্রভাব উল্লেখযোগ্য।
এছাড়া বয়ঃসন্ধিকালীন হরমোনজনিত স্বাভাবিক পরিবর্তন, আবেগীয় ও আচরণগত পরিবর্তন, প্রজনন স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক, মাসিক নিয়ে কুসংস্কার দূরীকরণের প্রয়োজনীয়তা ও করণীয় এবং স্বপ্নস্খলন বিষয়ক গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পর্যালোচনা করা হয়। প্রোগ্রাম পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার আকতানিন খায়ের তানিন, প্রোগ্রাম অফিসার যুবায়দা আঞ্জম সাবা, তানজিনা সুলতানা, হোজায়ফা সাকওয়ান, কমিউনিকেশন অফিসার সুরাইয়া জান্নাত সুমি, ট্রেইনার (মাল্টিমিডিয়া) আহাদুল সিরাজ। কর্মসূচিতে নীলক্ষেত হাই স্কুলের ত্রিশ (৩০) জন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীসহ একাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।







