স্বাস্থ্য খাত সংস্কার কার্যক্রমে তরুণ নারীর ক্ষমতায়ন এবং প্রতিবন্ধী তরুণ-তরুণীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আজ ১২ জুলাই ২০২৬ সকাল ১০:৩০টায় RHSTEP অপরাজেয় তারুণ্য প্রকল্পের উদ্যোগে রংপুর শাখা কার্যালয়ে একটি আলোচনা ও অংশগ্রহণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব দীপিকা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর প্রতিবন্ধী অ্যাসোসিয়েশনের পরিচালক জনাব আহসান হাবীব।
প্রধান অতিথির বক্তব্যে জনাব দীপিকা বিশ্বাস বলেন, একটি কার্যকর ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে তরুণদের, বিশেষ করে তরুণ নারী এবং প্রতিবন্ধী তরুণ-তরুণীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। স্বাস্থ্যখাত সংস্কার শুধু অবকাঠামোগত উন্নয়ন বা সেবার সম্প্রসারণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নীতিনির্ধারণ, পরিকল্পনা, বাস্তবায়ন এবং মূল্যায়নের প্রতিটি ধাপে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, তরুণ নারীরা সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের নেতৃত্ব, দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বৃদ্ধি পেলে স্বাস্থ্যসেবা আরও জবাবদিহিমূলক, সমতাভিত্তিক এবং জনবান্ধব হবে। একই সঙ্গে প্রতিবন্ধী তরুণ-তরুণীদের অভিজ্ঞতা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবা পরিকল্পনা গ্রহণ করলে ‘কাউকে পিছিয়ে না রেখে’ একটি অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি জনাব আহসান হাবীব বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার নিশ্চিত করা একটি মৌলিক অধিকার। তবে এখনও অনেক ক্ষেত্রে শারীরিক অবকাঠামো, তথ্যপ্রাপ্তি, যোগাযোগ ব্যবস্থা এবং সেবাদান প্রক্রিয়ায় নানা ধরনের প্রতিবন্ধকতা বিদ্যমান। তিনি বলেন, স্বাস্থ্য খাত সংস্কারের প্রতিটি উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তি, বিশেষ করে তরুণ-তরুণীদের মতামতকে গুরুত্ব দিতে হবে এবং তাদের অংশীদার হিসেবে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের প্রতিবন্ধিতা বিষয়ে সংবেদনশীলতা বৃদ্ধি, স্বাস্থ্যকেন্দ্রগুলোকে প্রতিবন্ধীবান্ধব করা এবং বৈষম্যহীন সেবা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মেন্টর রুমান অংশগ্রহণকারীদের নিয়ে একটি সৃজনশীল সেশন পরিচালনা করেন। সেশনে অংশগ্রহণকারীরা দলীয় আলোচনার মাধ্যমে স্বাস্থ্য খাত সংস্কারে তরুণ নারী ও প্রতিবন্ধী তরুণ-তরুণীদের অংশগ্রহণের সুযোগ, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতামত উপস্থাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপরাজেয় তারুণ্য রংপুর শাখার প্রজেক্ট অফিসার জনাব অনিমেষ রায়। তিনি বলেন, একটি টেকসই ও জবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নারী ও প্রতিবন্ধী তরুণ-তরুণীদের কণ্ঠস্বরকে যথাযথ গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অপরাজেয় তারুণ্য রংপুর শাখার ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য। কর্মসূচিতে বিভিন্ন তরুণ-তরুণী, প্রতিবন্ধী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা স্বাস্থ্য খাত সংস্কারে অন্তর্ভুক্তিমূলক নীতি ও কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।







