প্রান্তিক কিশোর-কিশোরীদের ডিজিটাল স্টোরিটেলিং ও AI-ভিত্তিক কমিক তৈরির দক্ষতা অর্জনের মাধ্যমে তাদের অ্যাডভোকেসি সক্ষমতা অর্জনের লক্ষ্যে আজ ৭ জুলাই, ২০২৬ মঙ্গলবারে আরএইচস্টেপ (RHSTEP) অপরাজেয় তারুণ্য প্রকল্পের ঢাকা অফিসে “Ensure Active Participation of Marginalised Groups in Health and SRHR Dialogues and Actions” শীর্ষক কর্মসূচি পালিত হয়েছে। ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এস এম কামরুল আহসান স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে সেশনটি পরিচালনা করেন কাজী সাফায়েত হোসেন সাগর। সিনিয়র প্রোগ্রাম অফিসার আকতানিন খায়ের তানিন ক্যাম্পেইন ডিজাইনিং বিষয়ক প্রাথমিক ধারণা দেন। পরবর্তীতে প্রোগ্রাম অফিসার যুবাইদা আঞ্জুম সাবা যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইন ডিজাইনিং এর ক্ষেত্রে বিষয়বস্তু নির্বাচন ও পরিকল্পনায় করণীয় বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য AI প্রযুক্তি শেখানো নয়; বরং AI-কে সৃজনশীল, অন্তর্ভুক্তিমূলক এবং প্রমাণভিত্তিক অ্যাডভোকেসি টুল হিসেবে ব্যবহার করে প্রান্তিক কিশোর-কিশোরীদের নিজেদের অভিজ্ঞতা এবং পরিবর্তনের দাবিকে আরও শক্তিশালী ও দৃশ্যমান করে তোলা। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কীভাবে AI-এর সহায়তায় স্বাস্থ্য ও সামাজিক ইস্যুভিত্তিক কার্যকর বার্তা, ভিজ্যুয়াল কনটেন্ট এবং ডিজিটাল অ্যাডভোকেসি উপকরণ তৈরি করতে হয় সে বিষয়ে প্রাথমিক ধারণ অর্জন করেছে। অংশগ্রহণকারীরা কমিক তৈরির প্রাথমিক ধাপ হিসেবে স্কেচিং, ক্যারেক্টার ড্রয়িং, থাম্বনেইলিং বিষয়ে ধারণা লাভ করে।
ইউওয়াইপি মেন্টর, অ্যাডভোকেটসহ মিরনজিল্লা ও কড়াইল কমিউনিটি থেকে প্রায় ২০ জন কিশোর কিশোরী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সার্বিক সমন্বয়ে ছিলেন প্রোগ্রাম অফিসার তানজিনা সুলতানা, সায়মা আক্তার এবং মাল্টিমিডিয়া ডকুমেন্টেশনের দায়িত্বে ছিলেন আজহারুল হক।







