২৩শে এপ্রিল, ২০২৬ এ কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে স্কুল সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। “Rights and Choices: Sexual Reproductive Health for All” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বরিশালের ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতা কর্মসূচির আয়োজন করে RHSTEP – অপরাজেয় তারুণ্য, বরিশাল।
প্রথমেই অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি আনন্দঘন ‘আইস ব্রেকিং’ সেশনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ অফিসার জয় হরি বিশ্বাস। তিনি কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তনের সময়ে সঠিক তথ্যের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে একটি বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রজনন স্বাস্থ্য ও বয়ঃসন্ধিকালের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়। স্লাইডগুলোতে আলোচিত মূল বিষয়গুলো ছিল বয়ঃসন্ধিকাল, পুষ্টি ও পরিচ্ছন্নতা, ভুল ধারণা ও কুসংস্কার, সামাজিক সচেতনতা, প্রজনন অধিকার ইত্যাদি। উপস্থাপনা শেষে একটি কার্যকর ফিডব্যাক সেশন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা তাদের মনের দ্বিধা ও প্রশ্নগুলো সরাসরি আলোচনার সুযোগ পান। এরপর মেধা যাচাইয়ের লক্ষ্যে আয়োজিত হয় একটি কুইজ প্রতিযোগিতা। বিজয়ীদের মাঝে বিতরণ করা হয় আকর্ষণীয় পুরস্কার।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষিকা। তিনি অপরাজেয় তারুণ্যের সময়োপযোগী ব্যতিক্রমধর্মী আয়োজনের প্রশংসা করেন এবং উপস্থিত প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করে বলেন যে, প্রকৃত শিক্ষা তখনই সার্থক হয় যখন তা অন্যের কল্যাণে ব্যবহৃত হয়। তাই আজকের এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান অন্যদের শেখানোর মাধ্যমে একটি সচেতন সমাজ গড়ে তুলতে তিনি আহ্বান জানান।
সবশেষে প্রজেক্ট অফিসার সালমা খানম তার সমাপনী বক্তব্যের মাধ্যমে এই সচেতনতা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। তিনি উপস্থিত সকলকে প্রাপ্ত শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করার এবং সচেতন সমাজ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান।







