১১ জুন ২০২৬, বরিশালে আরএইচস্টেপ (RHSTEP) ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের আঞ্চলিক কার্যালয়ে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণে এক মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। “যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (SRHR) সংলাপে প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ” লক্ষ্যে আয়োজিত এই ‘ডায়লগ প্রোগ্রামটি’ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সফলভাবে পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UFPO) প্রণয় হালদার। আরও উপস্থিত ছিলেন আরএইচস্টেপ মেডিকেল শাখার একাউন্টস এন্ড এডমিন অফিসার প্রদীপ কুমার বিশ্বাস।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন -অপরাজেয় তারুণ্য এর ইয়ুথ অফিসার জয় হরি বিশ্বাস। এরপর কিশোর-কিশোরীদের মন থেকে লজ্জা ও জড়তা দূর করতে একটি প্রাণবন্ত ‘আইসব্রেকিং ও পরিচিতি পর্ব’ পরিচালনা করেন মেন্টর শোয়েবুর রেজা। পরিচিতি পর্ব শেষে ইয়ুথ অফিসার জয় হরি বিশ্বাস উপস্থিত কিশোর-কিশোরীদের সামনে প্রজনন স্বাস্থ্যের মূল ধারণা এবং এই ডায়লগ প্রোগ্রামের মূল উদ্দেশ্যসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন।
সংলাপটির অন্যতম মূল আকর্ষণ ছিল কিশোর-কিশোরীদের জন্য একটি ‘বেনামী প্রশ্ন বাক্স’ (Anonymous Question Box)-এর ব্যবহার, যেখানে তারা নাম প্রকাশ না করেই প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সংবেদনশীল ও গোপন প্রশ্ন লিখে জমা দেওয়ার সুযোগ পায়। পরবর্তীতে মেন্টর আবির ও সিয়াম-এর সঞ্চালনায় শুরু হয় “আমার জিজ্ঞাসা” সেশন, যা একপর্যায়ে কিশোর-কিশোরীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি ফলপ্রসূ “ওপেন ফ্লোর ডিসকাশন”- এ রূপ নেয়।
এই উন্মুক্ত আলোচনায় প্রান্তিক কিশোর-কিশোরীরা অত্যন্ত সাহসের সাথে সরকারি হাসপাতালে ‘কৈশোর-বান্ধব স্বাস্থ্য কর্নার’-এর কার্যকারিতা, তথ্যের শতভাগ গোপনীয়তা রক্ষা, বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণ, বিদ্যালয়-ভিত্তিক প্রজনন স্বাস্থ্য শিক্ষার মনিটরিং এবং বয়ঃসন্ধিকালীন মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মতো অত্যন্ত গভীর ও যৌক্তিক বিষয়সমূহ সরাসরি প্রধান অতিথির সামনে উপস্থাপন করে। এর বাইরেও তারা প্রজনন স্বাস্থ্য ও সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার নিয়ে নানাবিধ প্রশ্ন তোলে।
কিশোর-কিশোরীদের সুনির্দিষ্ট ও সংবেদনশীল প্রশ্নগুলোর জবাবে প্রধান অতিথি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UFPO) প্রণয় হালদার অত্যন্ত গুরুত্ব সহকারে বৈজ্ঞানিক ব্যাখ্যা ও দিকনির্দেশনা প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। বেনামী প্রশ্ন বাক্সের মাধ্যমে তরুণদের মনের আসল দ্বিধা ও প্রশ্নগুলো উঠে এসেছে। সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কিশোর-বান্ধব পরিবেশ ও শতভাগ গোপনীয়তা নিশ্চিত করতে আমাদের বিভাগ ভবিষ্যতে আরও জোরালো ভূমিকা পালন করবে।”
সবশেষে উপস্থিত সরকারি কর্মকর্তা, অতিথি ও কিশোর-কিশোরীদের ধন্যবাদ জানিয়ে এবং প্রান্তিক তরুণদের কণ্ঠস্বরকে নীতি-নির্ধারণী পর্যায়ে পৌঁছানোর এই ধারা ভবিষ্যতেও বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে সমাপনী বক্তব্য প্রদান করেন আরএইচস্টেপ ‘অপরাজেয় তারুণ্য’ প্রকল্পের প্রজেক্ট অফিসার সালমা খানম। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল কিশোর-কিশোরীদের উৎসাহিত করতে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।







