বরিশাল, ৮ মার্চ ২০২৬: “সব বাধা পেরিয়ে নারী যাবে এগিয়ে”- এই স্লোগানকে সামনে রেখে আরএইচস্টেপ (RHSTEP)-এর ‘অপরাজেয় তারুণ্য’ (UYP) প্রকল্পের বরিশাল সেন্টারে আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। স্থানীয় স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক বিশেষ আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
সকাল ১১:৩০ মিনিটে অংশগ্রহণকারীদের পরিচয় পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর স্বাগত বক্তব্য প্রদান করা হয় এবং নারী দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নারী অধিকার ও অর্জন বিষয়ক বিশেষ প্রেজেন্টেশন এবং গ্রুপ ওয়ার্ক, যেখানে ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত তুলে ধরে।
অনুষ্ঠানে ইউথ অফিসার জয় হরি বিশ্বাস নারী দিবসের সূচনালগ্ন ও ইতিহাস তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সমাজের অর্ধেক জনশক্তি নারীকে পিছিয়ে রেখে দেশ ও জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন প্রজেক্টের মেন্টর আবির মাহমুদ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইউওয়াইপি (UYP) প্রজেক্টের প্রজেক্ট অফিসার সালমা খানম সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে তরুণ প্রজন্মকে জেন্ডার বৈষম্য নিরসনে এবং সকল বাধা পেরিয়ে নারীদের এগিয়ে যাওয়ার পথে সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানান।
সবশেষে অংশগ্রহণকারীদের মেধা যাচাইয়ের জন্য একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া “নারীদের জন্য একটি আদর্শ রাষ্ট্র কেমন হওয়া উচিত” শিরোনামে নারীর অধিকার বিষয়ক একটি সৃজনশীল লিখন কার্যক্রম (ফলোআপ অ্যাসাইনমেন্ট) দেওয়া হয়, যা অংশগ্রহণকারীরা আগামী সপ্তাহে জমা দেবে।







